৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

তানোর বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

Admin Published: April 10, 2025, 7:27 pm
তানোর বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

ইমরান হোসাইন, তানোর : রাজশাহী জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তানোর বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর অনুলিপি বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হয়েছে। এরপরও মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক বিশ্বনাথ সরকার।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়ের নির্দেশে স্থগিত করা হলো। মূলত তানোর উপজেলার পাঁচন্দর ইউপিতে বিএনপির ইফতারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোমিনুল হক মোমিনের ভাই গানিউল হক নিহত হন। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান ও পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ হতে বহিস্কার করা হয়। এমন বহিস্কারে বুধবার প্রতবাদ সভা করেছে মিজান অনুসারী নেতাকর্মীরা। মূলত একারণে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।    


দলীয় সূত্রে জানা গেছে, আ.লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর তানোরে বিএনপির রাজনীতিতে আধিপত্ত্য বিস্তার নিয়ে মার্চ মাসে দুই সপ্তার ব্যবধানে দুইজনের প্রানহানির ঘটনা ঘটে। এরমধ্যে উপজেলার রাতৈল গ্রামের তিন রাস্তার মোড়ে বিএমডিএর গভীর নলকূপের পানি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রামেক হাসপাতালের আইসিইউতে ৬ দিন পর মঙ্গলবার ১ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে মারা গেছেন নেকসার আলী (৩৫)। তিনি চান্দুড়িয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সেক্রেটারী। তার বাড়ি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামে। 


এরআগে ১১ মার্চ মঙ্গলবার তানোর উপজেলার পাঁচন্দর ইউপিতে বিএনপির ইফতারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোমিনুল হক মোমিনের ভাই গানিউল হক নিহত হন। এভাবে দুই সপ্তার ব্যবধানে তানোরে বিএনপির রাজনীতিতে আধিপত্ত্য বিস্তার নিয়ে দু’জনের প্রানহানির ঘটনায় দলটির নেতাকর্মীর মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। পৃথক দুটি ঘটনা নিয়ে তানোর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী আর সমর্থদের বিরুদ্ধে থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। ফলে বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানাপুলিশ।  


এবিষয়ে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ব্যাপারে কোন চিঠি পাওয়া যায়নি। তবে, সকালে দলের বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে বিষয়টি শোনেছি। কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।