স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত কর্মী পিতা-পুত্র আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার তানোর থানায় মামলা দায়ের হয়েছে। আহত জামায়াতের কর্মী মাসিকুল ইসলাম (২৩) নামের এক ব্যক্তি বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার উপজেলার বাধাইড় ইউনিয়নের গাল্লা স্কুলপাড়া গ্রামে হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিজবুর রহমানের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন মাসিকুল ইসলাম ও তার পিতা মফিজ উদ্দিন (৬২)। তাদের বাড়ি উপজেলার গাল্লা গ্রামে। বৃহস্পতিবার জেলার গোদাগাড়ীতে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় যাবার প্রস্তুতিকালে একই এরাকার বিএনপি নেতা হাতেম আলী তার সহযোগী সাফিউল ইসলাম ও মোহাম্মাদ লিটন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার চালাতে নিষেধ করে। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কোদালের হাতল ও লাঠিসোঠা দিয়ে পিতা-পুত্রের ওপর হামলা চালায়। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে খবর পেয়ে আহতদের খোঁজ খবর নিতে শুক্রবার স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। এসময় উপজেলা জামায়তের আমীর মাওলানা মো. আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম আক্কাছ আলী, মুন্ডুমালা পৌর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেন ছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
তানোর থানার ওসি মোহাম্মাদ শহীদুজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।