স্টাফ রিপোর্টার : টিভি নেটওয়ার্ক (ডিস) সংযোগ নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীর তানোরে পুলিশের ওপর আক্রমনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশের এএসআই রুহুল আমীন বাদি হয়ে মামলটি দায়ের করেন। মামলায় জুবায়ের আলী (৩৮) নামের একজনকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি। মামলায় আরও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করা হয়েছে।
মামলায় গ্রেফতার জুবায়ের আলীর বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়। তার পিতার নাম মো. এনতাজ আলী। তিনি স্থানীয় বিএনপির বহিস্কৃত নেতা মিজানুর রহমান মিজানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের কর্মচারী। এছাড়াও তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।
প্রসঙ্গত, ডিস সংযোগ নিয়ে উপজেলার দুই ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্বের জের ধরে শুক্রবার থানায় সমাধানের জন্য বসা হয়। এ সময় থানা গেটের সামনে দুপক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেখানে পুলিশ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের উপর হামলা চালানো হয়। এতে আহত হন থানার এসআই আনোয়ার হোসেন ও এএসআই রুহুল আমীন।
পরে ঘটনাস্থল থেকে জুবায়ের, ইলিয়াস ও জাকিরকে আটক করে পুলিশ। তবে সেখানে পুলিশের উপর চাপ সৃষ্টি করে ইলিয়াস ও জাকিরকে ছাড়িয়ে নেয়। কিন্তু জুবায়েরকে ছাড়েনি পুলিশ।
তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতার জুবায়েরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।