স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ স্থাপনের পরিত্যক্ত ৩৩ ফিট গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাঁচন্দর ইউপির কোয়েল হাট গ্রামের। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। ওই শিশুটির নাম সাজিদ। সে কোয়ের গ্রামের রাকিব হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও শিশুর পরিবার সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে মায়ের কোল থেকে নেমে খেলার সময় শিশুটি ওই গর্তে পড়ে যায়। এসময় পরিবারের লোকজন গ্রামবাসীর সহযোগীতায় তানোর ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির কান্নার শব্দ শুনে গর্তে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ দেওয়ার চেষ্টা করে। পরে তাদের উদ্ধারের চেষ্টা করে।
পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন আগে ওই স্থানে গভীর নলকূপ স্থানের জন্য পাইপ দিয়ে বোরিং করা হয়। বোরিং করার পর পানির অস্তিত্ব না মেলায় সেটি পরিত্যক্ত ঘোষণা করে মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়। তবে গেল বর্ষায় সেটি গর্তে পরিনত হয়। চারপাশে আগাছা জন্মানোর কারনে সেই গর্তটি কারো চোখে পড়েনি। এ রিপোর্ট লিখা পর্যন্ত শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছিলো ফায়ার সার্ভিসের কর্মীরা।