৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে এবার মামলা

Admin Published: October 8, 2024, 2:55 pm
তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে এবার মামলা

ডিএনএন ডেস্ক :  চাকরিবিধি লঙ্ঘন করে সরকারের সমালোচনা করে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার বেগম তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।  মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক আবু হানিফ মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রাখেন। 


এর আগে তাপসী তাবাসসুম ঊর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এরপর গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম তাপসী তাবাসসুম ঊর্মি ৬ অক্টোবর তার নিজ ফেইসবুক একাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


এদিকে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে স্ট্যাটাস দেওয়া এবং একই স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ নানা জায়গায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। ঊর্মি তার ফেসবুক একাউন্টে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পক্ষে ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার বক্তব্যেও ফ্যাসিবাদের পক্ষে তার অবস্থান তিনি প্রকাশ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, গণহত্যা ও হাজার হাজার মানুষ আহত হওয়ার ঘটনা তদন্ত সাপেক্ষ বলে মন্তব্য করেন তিনি।