স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বুকলেট নিয়ে গ্রামে গ্রামে ছুটে চলেছেন রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন। লোকজনের হাতে বুকলেট পৌঁছে দেওয়া ছাড়াও দফাগুলোর ব্যাখ্যা করছেন তিনি। কামাল হোসেনের সমর্থনে তাঁর কর্মী সমর্থকেরাও একই কাজ করছেন। তিনি রাজশাহী-৪(বাগমারা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি।
তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত একটি বুকলেট তৈরি করেছেন বিএনপির নেতা। তাতে ৩১ দফা উল্লেখ করা ছাড়াও রয়েছে নিজের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত। রঙিন এই বুকলেট হাতে ও সঙ্গে নেতা-কর্মীদের নিয়ে ছুটে চলেছেন উপজেলার প্রত্যন্ত এলাকায়। তারেক রহমানের ৩১ দফা ঘোষণার পর থেকে তিনি তা বুকলেট আকারে ছাপিয়ে এই কাজ করছেন। প্রতিদিনই থাকছে তাঁর এই সাংগঠনিক তৎপরতা। এলাকা নির্দিষ্ট করে সেখানে নেতা-কর্মীদের নিয়ে পৌঁছে
যাচ্ছেন। খেতখামার, বাড়ি বাড়ি, দোকানপাট, চায়ের দোকান, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে বুকলেট বিতরণ করছেন। হাতে হাতে ধরিয়ে দিচ্ছেন ৩১ দফার বুকলেট। সংক্ষিপ্ত পথসভা করে ব্যাখ্যা করছেন ৩১ দফার।
সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত তাঁর পক্ষে নারী কর্মীরা বুকলেট বিতরণ করে থাকেন। অন্য দিকে কামাল হোসেনের অনুপস্থিতিতে তাঁর
সমর্থকেরাও বিলি করেন ৩১ দফার বুকলেট। এ পর্যন্ত উপজেলার গোবিন্দপাড়া, নরদাশ, যোগিপাড়া, গোয়ালকান্দি, শ্রীপুর, ঝিকড়াসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয়েছে এই প্রচারণা।
ঝাড়গ্রাম এলাকায় কামাল হোসেনকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ৩১স দফার প্রচার চালাতে দেখা যায় সম্প্রতি। দোকানে বসা লোকজন ও দোকানিদের হাতে তুলে দিচ্ছেন এই
বুকলেট। চায়ের দোকানে বসা ১০-১৫জন লোকজনকে আলাদা বোঝাতে দেখা যায় ৩১ দফা বিষয়ে। সেখানে বুকলেট হাতে থাকা ইয়ানত আলী (৫৩) নামের এক কৃষক বলেন,‘আমার হাতেত এটা দেওয়া হচে, আমি পড়বের পারি না। জিয়া, খালেদা, তারেক রহমান ও কামালের ছবি চিনবের পারিছি।’ তবে বুকলেটে কী লেখা আছে তা জানতে তিনি পাশে থাকা রনি হোসেন নামের এক কলেজছাত্রের হাতে ধরিয়ে দিয়ে পড়ে শোনেন।
গতকাল মঙ্গলবার বিকেলে গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ ও মাদারগঞ্জ এলাকায় চলে একই রকম প্রচারণা। সহস্রাধিক সমর্থক নিয়ে চলে এই প্রচারণা।
রাজশাহী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা শাখার সাবেক সভানেত্রী কলেজশিক্ষক রিনা ইসলাম বলেন, তিনি নারী কর্মীদের সঙ্গে নিয়ে কামাল হোসেনের পক্ষে তারেক রহমানের ৩১ দফার বুকলেট নিয়মিত বিতরণ করেন। পাশাপাশি উঠান বৈঠক করে দফাগুলো পড়ে শোনান ও বুঝিয়ে দেন বলে জানান।
বিএনপির উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবদুস সোবহান জানান, কামাল হোসেন ৩১ দফার বুকলেটটি আর্কষণীয় ভাবে ছাপিয়েছেন। উপজেলার প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে তাঁর ছাপানো তারেক রহমানের ৩১ দফার বুকলেট।
বিএনপির বাগমারা উপজেলা শাখার সদস্য আবদুল গাফ্ফার বলেন, তিনিসহ দলীয় নেতারা কামাল হোসেনকে সঙ্গে নিয়ে আবার কখনো তাঁকে ছাড়াই ৩১ দফার বুকলেট প্রায় গোটা উপজেলায় ছড়িয়ে দিয়েছেন। সব শ্রেণির লোকজন তা গ্রহণ করছেন।
কামাল হোসেন বলেন, তারেক রহমানের নির্দেশে তিনি ৩১ দফা পৌঁছে দিচ্ছেন উপজেলার প্রতিটি এলাকায়। ৩১ দফা সম্বলিত বুকলেটটি যেন প্রতিটি লোকজন বুঝতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন সেভাবে ছাপা হয়েছে। উপজেলার প্রতিটি ঘরে ঘরে বুকলেটটি পৌঁছে দেওয়া হবে বলে জানান। এ পর্যন্ত উপজোলার ৫৮ শতাংশ এলাকায় পৌঁছানো গেছে বুকলেট।