স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহীর পবায় আলোচনা সভা, স্বাগত মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন নির্বাসনে থেকেও তারেক রহমান দেশের মানুষের মন থেকে বিচ্ছিন্ন হননি। মিথ্যা মামলা ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটকে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে।
আগামী ২৫ ডিসেম্বর তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, এই ট্রেন আর থামানো যাবে না। সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান তার নিজের ভূখণ্ডে পা রাখবেন-এটা অবশ্যম্ভাবী। বিএনপি আপসহীনভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক। মিথ্যা মামলা, অপপ্রচার আর রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে দীর্ঘদিন নির্বাসনে রাখা হয়েছে। কিন্তু দেশের মানুষের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে পারেনি ক্ষমতাসীনরা। নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সভায় অন্যদের মধ্যে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় নেতাকমীরা বক্তব্য রাখেন।