১৫ চৈত্র, ১৪৩২
২৯ মার্চ, ২০২৬

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

Admin Published: March 29, 2026, 11:12 am
তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

ডিএনএন ডেস্ক: নড়াইলে জ্বালানি তেল না পেয়ে কথা কাটাকাটির পর একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাম্পের কর্মচারী জিহাদ হাসান মোল্যা (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) রাত আড়াইটার দিকে সদর উপজেলার তুলারামপুর মেসার্স তানভীর ফিলিং স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। 


নিহত ম্যানেজার নাহিদ সরদার উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে। 


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তুলরামপুরে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশন। এখানে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। তেল না থাকায় পাম্পের ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাগবিতাণ্ডা হয়। এক পর্যায়ে সুজাত মোল্যা পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। 


রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন নাহিদ। এ সময় তার সঙ্গে ছিলেন জিহাদ। অভিযোগ উঠেছে, পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিক থেকে এসে সুজাত মোল্যা নাহিদের মোটরসাইকেলটিকে ট্রাক দিয়ে চাপা দেন। ঘটনাস্থলে নাহিদ মারা যান। গুরুতর আহত হন জিহাদ। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তুলারামপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দর আলী বলেন, “ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”