ডিএনএন ডেস্ক: রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের মামলায় শেখ রেহানার মেয়ে বৃটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। এদিন এই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, কোনো টাকা পরিশোধ না করেই, অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২- এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।
গত জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করেন। এরই প্রেক্ষিতে খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।