২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ট্রেন আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

Admin Published: February 3, 2025, 5:13 pm
ট্রেন আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

ডিএনএন ডেস্ক: দাবি আদায়ে রাজধানীর মহাখালীতে ট্রেন আটকে দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন আটকে যায়। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়।


সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।



আটকে যাওয়া ট্রেনটির লোকোমাস্টার লতিফ জানান, উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। আমার ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। হঠাৎ ট্রেন থামাতে বেগ পেতে হয়েছে। তবে কোনো সমস্যা হয়নি।


এর আগে, গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুর ১২টার পর তারা সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।


আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।


উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাসবর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৭ দফা দাবিও জানিয়েছেন।