ডিএনএন ডেস্ক: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস মিললেও অবনতি হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে।সোমবার (১৩ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।পাউবো জানিয়েছে, বর্তমানে সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ); কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট); সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশন পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ; উত্তরাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা কিছুটা অবনতি হতে পারে।
অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে
গতকাল রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিস থেকে জানানো হয়, ২০০৯ সালের পর রোববার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
২০০৯ সালের বর্ষায় ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৩৩ মিলিমিটার। ১৭ বছর পর এদিন ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ১৭৫ মিলিমিটার বৃষ্টি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানা যায়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ। নিহত হয়েছেন ৫১ জন এবং আহত হয়েছেন ৩৯ জন।