ডিএনএন ডেস্ক : ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ রাজ্য। এতে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিঘ্নিত হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃষ্টিজনিত কারণে তেলেঙ্গানায় ১৫ জন এবং অন্ধ্র প্রদেশে ১২ জন মারা গেছেন। রোববার (১ সেপ্টেম্বর) উভয়ে রাজ্যেই ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল।
দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এখন পর্যন্ত ১০০টিরও বেশি ট্রেন বাতিল এবং বেশ কয়েকটির গন্তব্য ঘুরিয়ে দেওয়া হয়েছে। তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ থেকে অন্যান্য রাজ্যে চলাচল করতো এসব ট্রেন। দক্ষিণ মধ্য রেলওয়ে নেটওয়ার্কের একাধিক স্থানে ভারী বৃষ্টি ও রেললাইনের ওপর পানি জমে থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর রোববার তেলেঙ্গানার আদিলাবাদ, নিজামবাদ, রাজন্না সিরসিল্লা, ইয়াদাদ্রি ভুবনগিরি, ভিকারাবাদ, সাঙ্গারেড্ডি, কামারেডি এবং মাহাবুবনগর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে।
হায়দ্রাবাদে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার সেখানকার সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।