২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

Admin Published: September 24, 2026, 6:31 pm
ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

ডিএনএন ডেস্ক: যুক্তরাষ্ট্র আবার হামলা করলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে ইরান। বৃহস্পতিবার এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি।আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স-এ প্রকাশিত ভিডিও বার্তায় ইয়াহিয়া রহিম বলেন, এরইমধ্যে সংঘাত পারস্য উপসাগর, হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে গেছে। আরও যুদ্ধ হলে সেটির জবাবে সংঘাতের ফ্রন্ট বিস্তৃত হবে। যা ভারত মহাসাগর ও এর বাইরের অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।


সৌদি আরবের সঙ্গে লড়াইরত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগরের উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এর মাধ্যমে বাব এল-মান্দেব প্রণালিতে তাদের অবস্থান আরও শক্ত হয়েছে। এই প্রণালি সুয়েজ খালের মাধ্যমে এশিয়াকে ইউরোপের সঙ্গে যুক্ত করেছে।


ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হুতিদের সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ আছে। তবে ইয়েমেনের সংঘাতে নিজেদের সম্পৃক্ত থাকার কথা তেহরান অস্বীকার করে আসছে।



এর আগেও ইরানি কর্মকর্তারা মার্কিন হামলার জবাবে যুদ্ধের ভৌগোলিক পরিসর বিস্তৃত করার হুমকি দিয়েছিলেন। তবে বৃহস্পতিবারের সতর্কবার্তায় প্রথমবারের মতো সর্বোচ্চ নেতার কোনো উপদেষ্টা সরাসরি ভারত মহাসাগরের কথা উল্লেখ করলেন। মহাসাগরটির দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কৌশলগত সামরিক ঘাঁটি আছে। এটি ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে।


সংঘাত অবসানের প্রচেষ্টা হিসেবে চলতি সপ্তাহে দুই দেশের প্রতিনিধিরা নিউইয়র্কে বৈঠক করেছেন। সেখানে নিজেদের শর্ত তুলে ধরে ইরান। এরমধ্যে আছে- আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে জব্দকৃত সম্পদ ছাড়।


গত মঙ্গলবার এএফপিকে বিশেষ সাক্ষাৎকার দেন বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি। তখন তিনি ইয়েমেনে যুদ্ধ বন্ধের বিষয়টিও উল্লেখ করেছিলেন।