১৫ চৈত্র, ১৪৩২
২৯ মার্চ, ২০২৬

ভারতের বিপক্ষে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

Admin Published: March 28, 2026, 6:16 pm
ভারতের বিপক্ষে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

ডিএনএন ডেস্ক: লড়াইটা বয়সভিত্তিক সাফের হলেও সবুজ গালিচায় প্রতিপক্ষ যখন ভারত, তখন উত্তাপটা থাকে অন্যরকম। মালদ্বীপের রাজধানী মালেতে আজ বাংলাদেশ-ভারত লড়াইয়েও ছড়াল সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। গোল, চোটের ধাক্কা, ডাগআউটে হাতাহাতির উপক্রম, কোচের লাল কার্ড এবং একেবারে শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে সমতায় ফেরা।ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী এই ম্যাচে প্রথমার্ধ শেষে ভারতের সঙ্গে ১-১ গোলে সমতায় রয়েছে মার্ক কক্সের দল।


ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে ১৭ মিনিটে প্রথম সাফল্য পায় ভারত। বাঁ প্রান্ত থেকে উড়ে আসা কর্নার থেকে হেডে বল জালে জড়ান আনমার্কড থাকা ফরোয়ার্ড বিশাল যাদব। বাংলাদেশের গোলরক্ষক মাহিনকে কোনো সুযোগই দেননি তিনি। এবারের টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল।


পিছিয়ে পড়ে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচের ৩৯ মিনিটে বড় এক ধাক্কা খায় লাল-সবুজের প্রতিনিধিরা। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অন্যতম ভরসা ডিফেন্ডার আশিকুর রহমান। তার বদলি হিসেবে মাঠে নামেন আব্দুল রিয়াদ ফাহিম।


ম্যাচে চরম নাটকীয়তা দেখা যায়প্রথমার্ধের যোগ করা সময়ে। টাচলাইনের কাছে ভারতের এক খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকল করায় দুই দলের ডাগআউটে তখন চরম উত্তেজনা। দুই দলের প্রধান কোচের মধ্যে হাতাহাতির উপক্রম পর্যন্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ভারতের সাপোর্ট স্টাফ মহেশ গাউলিকে হলুদ কার্ড দেখান। এরপর বাংলাদেশের ইংলিশ হেড কোচ মার্ক কক্সকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।


ডাগআউট থেকে কোচকে হারিয়েও খেই হারায়নি বাংলাদেশ। বরং যোগ করা সময়ের ১০ম মিনিটে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে তারা। বাঁ প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের ক্রস বক্সের ভেতর খুঁজে নেয় বদলি নামা আব্দুল রিয়াদ ফাহিমকে। তার নেওয়া দুর্দান্ত ভলিতে সমতায় ফেরে বাংলাদেশ।




যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভান পায়ের জাদু দেখালেও তার ভাই ডেকলানকে আজও বেঞ্চে বসিয়ে রেখেছেন বাংলাদেশ কোচ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন দেশের ফুটবল সমর্থকেরা।