ডিএনএন ডেস্ক: বলিউডে নিজের অভিনয়ের বৈচিত্র্য দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছেন ভূমি পেডনেকর। কখনও সামাজিক বাস্তবতার গল্পে, কখনও সম্পর্কের টানাপোড়েনে, আবার কখনও ভিন্নধর্মী চরিত্রে পর্দায় হাজির হয়েছেন তিনি। এবার অভিনয়ের সেই পরিচিত গণ্ডি পেরিয়ে ভৌতিক গল্পের জগতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। নতুন হরর সিনেমা ‘জানি দুশমন-ডর কে আগে মউত হ্যায়’-এ দেখা যাবে তাঁকে।
সিনেমাটির নামের মধ্যেই রয়েছে ভয়ের ইঙ্গিত। তবে এটি কেবল প্রচলিত ভূতের গল্প নয়; মা ও মেয়ের সম্পর্ক, পারিবারিক গোপন রহস্য এবং অতিপ্রাকৃত ঘটনার মিশেলে তৈরি হচ্ছে ছবির কাহিনি। যুক্তরাজ্যের পটভূমিতে নির্মিত হবে সিনেমাটি। গল্পে পারিবারিক সম্পর্কের আবেগের পাশাপাশি থাকবে ভৌতিক অভিজ্ঞতা ও টানটান উত্তেজনা।
ছবিটি পরিচালনা করবেন আরশাদ সৈয়দ। প্রযোজনায় রয়েছে ভূষণ কুমারের টি-সিরিজ। সৃজনশীল প্রযোজক হিসেবে থাকছেন রব্বি গ্রেওয়াল। নির্মাতাদের পরিকল্পনা, ‘জানি দুশমন’ শুধু একটি সিনেমায় সীমাবদ্ধ থাকবে না, বরং বড়পর্দায় হরর ফ্র্যাঞ্চাইজি হিসেবে এগিয়ে নেওয়া হবে।
সিনেমাটির বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে অ্যাকশন ও স্টান্টের আয়োজন। এ জন্য যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক স্টান্ট বিশেষজ্ঞ পিটার পেড্রেরোকে। ‘হ্যারি পটার’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ‘দি এক্সপেন্ডেবলস, ‘গেম অব থ্রোনস’ ও ‘দ্য কনজ্যুরিং’ সিনেমার মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন তিনি। তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভৌতিক দৃশ্যগুলোর পাশাপাশি অ্যাকশন অংশেও আন্তর্জাতিক মান বজায় রাখতে চান নির্মাতারা।
ভূমি পেডনেকরের জন্যও সিনেমাটি হতে যাচ্ছে অভিনয়ের নতুন অভিজ্ঞতা। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা বরাবরই করেছেন তিনি। এবার হরর ঘরানায় তাঁর অভিনয় দর্শকদের সামনে নতুন এক রূপ তুলে ধরবে কিনা, সেটিই দেখার অপেক্ষা।
২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এখন দেখার বিষয়, ভৌতিক গল্প, পারিবারিক আবেগ আর আন্তর্জাতিক স্টান্ট আয়োজনের সমন্বয়ে ‘জানি দুশমন’ দর্শকদের কতটা ভীত ও মুগ্ধ করতে পারে।