ডিএনএন ডেস্ক: ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অনিরাপদ নৌযানে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় গত এক সপ্তাহে মিশরের বিভিন্ন উপকূল থেকে অন্তত ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া বাংলাদেশিরা বর্তমানে মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।মিশরে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে মাতরুহ উপকূল থেকে ৪৬ জন, পোর্ট সাইদ থেকে ৫৮ জন এবং দামিয়েত থেকে ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে। পৃথক এসব অভিযানে বাংলাদেশিদের পাশাপাশি সুদান, মিশরসহ বিভিন্ন দেশের ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীরাও ছিলেন।
উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পথে এসব বাংলাদেশি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় নামেন। অনিরাপদ রাবারের নৌযান, উত্তাল সমুদ্র ও অনিশ্চিত গন্তব্যের কারণে এ ধরনের যাত্রায় প্রাণহানির আশঙ্কা থাকে। উদ্ধার হওয়ার পর এখন তাদের নিরাপদে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে।
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি নাগরিক উদ্ধারের খবর পাওয়ার পর তাদের সহায়তায় কাজ করছে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং।
আরও পড়ুন: ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনি ও কনস্যুলার সহায়তা দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশে ফেরানোর প্রক্রিয়ায় মিশরের পুলিশ ও কারা কর্তৃপক্ষ, অভিবাসন বিভাগ, আদালত ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে দূতাবাস। উদ্ধার হওয়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফেরাতে বেশ কিছু প্রশাসনিক ধাপ সম্পন্ন করতে হচ্ছে।
পরপর কয়েকটি অভিযানে বিপুলসংখ্যক বাংলাদেশি উদ্ধারের কারণে দূতাবাসের শ্রম উইংয়ের ওপর কাজের চাপও বেড়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের অনশন, অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগ
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিশরের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা এবং দ্রুত দেশে ফেরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।