১৭ ভাদ্র, ১৪৩৩
০১ সেপ্টেম্বর, ২০২৬

যে কারণে বিয়ের কথা লুকিয়েছিলেন মিষ্টি জান্নাত

Admin Published: August 31, 2026, 6:26 pm
যে কারণে বিয়ের কথা লুকিয়েছিলেন মিষ্টি জান্নাত

ডিএনএন ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে এতদিন যে অধ্যায়টি আড়ালে রেখেছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত, এবার সেটিই সামনে আনলেন তিনি। হঠাৎ কোনো আয়োজন বা আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলে ‘গট ম্যারিড’ যুক্ত করার মধ্য দিয়ে বিবাহিত জীবনের ইঙ্গিত দেন এই অভিনেত্রী। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। শেষ পর্যন্ত এক সাক্ষাৎকারে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন মিষ্টি।


অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, তার জীবনসঙ্গী একজন ব্যবসায়ী। তবে শুধু ব্যবসার সঙ্গেই যুক্ত নন তিনি, মিডিয়া অঙ্গনের সঙ্গেও তার কিছুটা যোগাযোগ রয়েছে। স্বামীর পরিচয় নিয়ে আপাতত বেশ কিছুটা রহস্যই রাখতে চাইছেন মিষ্টি। নাম, পেশার বিস্তারিত কিংবা তাদের বিয়ের নির্দিষ্ট তারিখ— কোনোটিই এখন প্রকাশ করতে রাজি নন তিনি।


মিষ্টির ভাষ্য, বিয়েটা বাংলাদেশেই হয়েছে। তবে ঠিক কোথায় বা কবে— সেসব তথ্য জানার জন্য ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এমনকি সম্পর্কটি কতদিনের, সেটিও প্রকাশ্যে আনেননি তিনি। শুধু জানিয়েছেন, এটি কোনো পারিবারিকভাবে ঠিক করা সম্পর্ক নয়; ভালোবাসার সম্পর্ক থেকেই তাদের বিয়ে।


কেন এতটা গোপনীয়তা? মিষ্টির যুক্তি, ব্যক্তিজীবনের সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আগ্রহের জায়গাটা আর থাকে না। তাই আপাতত কিছু বিষয় নিজের কাছেই রাখতে চান তিনি। তার কথায়, সব রহস্য একসঙ্গে ফাঁস করে দিলে ‘সাসপেন্স’ বলে আর কিছু থাকবে না।


তবে স্বামীকে চিরদিন আড়ালে রাখার পরিকল্পনা নেই মিষ্টির। উপযুক্ত সময় এলে তাকেও প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এমনকি ভবিষ্যতে ইতালিতে কোনো অনুষ্ঠানের মাধ্যমে স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথাও মজার ছলে বলেছেন তিনি।


মিষ্টি আরও জানিয়েছেন, তার বিয়েটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। বেশ কিছুদিন আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কিন্তু ব্যক্তিগত কিছু কারণেই এতদিন খবরটি প্রকাশ করেননি। দীর্ঘ সময় বিষয়টি নিজের মধ্যেই রেখেছিলেন এই অভিনেত্রী।


বিয়ের খবর গোপন রাখার পেছনে আরেকটি কারণও জানিয়েছেন মিষ্টি। তার দাবি, প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে নিয়মিত বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। কেউ ফোন করে দেখা করার আগ্রহ প্রকাশ করতেন, কেউ আবার বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন। এমনকি সরাসরি প্রেমের প্রস্তাবও পেয়েছেন তিনি।


এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে যান মিষ্টি। তার মতে, একজন অভিনেত্রী বলেই তার ব্যক্তিগত পরিসরে যেকোনো সময় ফোন করে দেখা করতে চাওয়া কিংবা ব্যক্তিগত জীবনে প্রবেশের চেষ্টা করা গ্রহণযোগ্য নয়। আর সেই বিরক্তি থেকেই শেষ পর্যন্ত বিয়ের খবরটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


এদিকে বিয়ে হলেও এখনই পুরোপুরি সংসার জীবনে প্রবেশ করেননি বলে জানিয়েছেন মিষ্টি। বর্তমানে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তিনি। সামনে স্বামীর সঙ্গে সুন্দর ও স্বাভাবিক সংসারজীবন গড়ে তুলতে চান। সেই পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।