১০ চৈত্র, ১৪৩২
২৪ মার্চ, ২০২৬

যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

Admin Published: March 21, 2026, 2:15 pm
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

ডিএনএন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আজ শনিবার (২১ মার্চ )সকাল ১০টা থেকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রাঙ্গণে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।


এর আগে, সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত শেষে তিনি সরাসরি যমুনায় ফিরে আসেন। 


এদিন সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে।


শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের সদস্যদের নিয়ে তিনি অত্যন্ত হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


যমুনা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন। সকাল সাড়ে আটটার দিকে সাধারণ দর্শনার্থীদের জন্য মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই ভিড় জনস্রোতে রূপ নেয়। 


সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সারিবদ্ধভাবে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।