২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

Admin Published: July 17, 2026, 5:39 pm
যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ডিএনএন ডেস্ক: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ বিনিময়ের আরেকটি ধাপ সম্পন্ন করেছে। এ বিনিময়ে ইউক্রেন ৫০১ জনের মরদেহ গ্রহণ করেছে, আর রাশিয়া পেয়েছে ৩১ সেনাসদস্যের মরদেহ।


বৃহস্পতিবার (১৬ জুলাই) ইউক্রেনের যুদ্ধবন্দিদের বিষয়ক সমন্বয় সদর দপ্তর জানায়, মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৫০১টি মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখন তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা নিহতদের পরিচয় শনাক্তের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।


সংস্থাটি আরও জানায়, এই প্রত্যাবাসন কার্যক্রম ইউক্রেনের একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত হয়েছে। পাশাপাশি অভিযানে সহায়তার জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে ধন্যবাদ জানানো হয়েছে।


অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সামরিক সংবাদদাতা আলেকজান্ডার কোৎসের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের কাছে ৫০১টি মরদেহ হস্তান্তর করেছে এবং বিনিময়ে ৩১ জন রুশ সেনার মরদেহ গ্রহণ করেছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ বিনিময় হয়।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে নিহতদের মরদেহ নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার চলমান মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই বিনিময় সম্পন্ন হয়েছে।