২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্যে বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা

Admin Published: July 11, 2024, 4:12 pm
যুক্তরাজ্যে বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা

যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে হত্যা করা হয়েছে।তাদেরকে ক্রসবো (ধনুক জাতীয় অস্ত্র) দিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় সন্দেহভাজন ২৬ বছর বয়সী কাইল ক্লিফোর্ড নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ।উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছ থেকে তাকে  আটক করা হয়।

বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং দুই মেয়ে হার্টফোর্ডশায়ারের বুশেতে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালেই হামলার শিকার হন।জন হান্টের পরিবারকে ভালোভাবে চেনেন এমন এক নারী ওই পরিবার সম্পর্কে বলেন, তারা খুবই আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং কোমল মনের মানুষ। তারা সব সময় অন্যদের সাহায্যে এগিয়ে এসেছেন।

পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন।

হামলার ঘটনায় সাংবাদিক জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট (৬১), তার দুই মেয়ে হান্না হান্ট (২৮) এবং লুইস হান্ট (২৫) গুরুতর আহত হন এবং সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।

এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসতেই বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসিতে ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্যেও তিনি বেশ জনপ্রিয়।

সূত্র: বিবিসি।ডিএনএন ডেস্ক/এলএস