১৫ বৈশাখ, ১৪৩৩
২৮ এপ্রিল, ২০২৬

১৬৩ অ্যাসেম্বলি, রূপপুরে এক নতুন শক্তির সূচনা

Admin Published: April 28, 2026, 11:39 am
১৬৩ অ্যাসেম্বলি, রূপপুরে এক নতুন শক্তির সূচনা

ডিএনএন ডেস্ক: দেশের জ্বালানি খাতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে প্রথমবারের মতো পারমাণবিক ফুয়েল লোডিং, যা একটি বিদ্যুৎকেন্দ্রকে নির্মাণ পর্যায় থেকে উৎপাদন পর্যায়ে উত্তরণের গুরুত্বপূর্ণ ধাপ।পারমাণবিক ফুয়েল হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম-২৩৫ স্বল্পমাত্রায় (২.৫%–৫%) সমৃদ্ধ করা হয়। ক্ষুদ্র পেলেট আকারের এই জ্বালানি ফুয়েল রডে ভরা হয় এবং শত শত রড মিলে তৈরি হয় একটি অ্যাসেম্বলি। প্রতিটি অ্যাসেম্বলির প্রায় ১৫ ফুট লম্বা এবং এতে ৩১২টি রড থাকে।


রূপপুরের ১২০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিট-১ এর রিয়্যাক্টর কোরে মোট ১৬৩টি অ্যাসেম্বলি স্থাপন করা হবে, যা পানি দিয়ে ঠান্ডা রাখা হবে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ১৬৪টি অ্যাসেম্বলির প্রথম চালান দেশে পৌঁছায়, যা প্রস্তুতি ও পরীক্ষা-নিরীক্ষার কাজ সহজ করে।


প্রথমবার ফুয়েল লোডিংয়ের আগে অপারেশনাল রেডিনেস নিশ্চিত করা হয়, যার মধ্যে রয়েছে যন্ত্রপাতি পরীক্ষা, প্রশিক্ষিত জনবল প্রস্তুত করা, নিরাপত্তা মানদণ্ড পূরণ এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন গ্রহণ।


লোডিং প্রক্রিয়ায় বিশেষ মেশিন ব্যবহার করে একে একে ফুয়েল অ্যাসেম্বলি রিয়্যাক্টরে স্থাপন করা হবে। পুরো সময় সাবক্রিটিক্যাল অবস্থা বজায় রেখে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।


বিশেষজ্ঞদের মতে, এই ধাপটি সফল হলে খুব শিগগিরই রূপপুর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।