১১ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলাকারী ‘মুরগিবাবু’ গ্রেফতার

Admin Published: October 17, 2024, 5:00 pm
বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলাকারী ‘মুরগিবাবু’ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে স্থানীয় আওয়ামী ক্যাডার ওয়ারেছ আলী ওরফে মুরগি বাবুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনি। তবে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের  আমজাদ হোসেনের ছেলে। এলাকায় এক সময় মুরগির ব্যবসা করার কারণে তাকে মুরগি বাবু হিসেবে চিনতো এলাকাবাসী। 

বাগমারা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ভবানীগঞ্জ পৌরসভা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুরগি বাবু হাতে পাইপ নিয়ে ছাত্র-জনতাকে ধাওয়া করছেন। সরকার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

স্থানীয়রা জানায়, মুরগি বাবু এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৯ সালের জাতীয় নির্বাচনের পরে তিনি সাবেক সংসদ সদস্য এনামুল হকের হাত ধরে আওয়ামী লীগে সক্রিয় হন। স্থানীয় ভাবে স্বেচ্ছাসেবক লীগের ভবানীগঞ্জ ওয়ার্ড শাখায় যুক্ত হন। এরপর থেকে ঠিকাদারী কাজে জড়িয়ে পড়েন। 

তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি প্রদান, ঠিকাদারী কাজে ব্যপক অনিয়ম ও দূর্নীতিসহ বিভিন্ন বিতর্কিত কাজে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের আমলে কয়েকজনকে নিয়ে ‘লাল বাহিনী’ গঠন করেছিলো। তারা লাল পোশাক পরে এলাকায় চাঁদাবাজি, মাস্তানী করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। 

বাগমারার থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, পুলিশের একটি দল তাকে আটক করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।