২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বাগমারায় যুবলীগ সভাপতি আল-মামুন গ্রেফতার

Admin Published: September 9, 2025, 8:35 pm
বাগমারায় যুবলীগ সভাপতি আল-মামুন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : গতবছরের ৫ আগস্ট  ছাত্র -জনতার ওপর হামলা ও আওয়ামী লীগকে সংগঠিত করার  অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলা যুবলীগের সভাপতি আল মামুনকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ । মামুন উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের সাবেক এমপি এনামুল হকের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত।


মঙ্গলবার বিকেলে বাগমারা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া এলাকায় যুবলীগ নেতা আল মামুন অবস্থান করছিলেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

পুলিশ জানায়, আল মামুনের বিরুদ্ধে গত  বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়াও গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানের ওপর হামলা ও গুলি করার ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন। ওই দিন উপজেলার চানপাড়া আর্দশ বালিকা উচ্চবিদ্যালয়ে সামনে মুনছুর রহমানের ওপর হামলা চালানো হয়৷ পরে পায়ে গুলি করে মৃত ভেবে ফেলে যায়। ওই ঘটনার পর থানায় মামলা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র- জনতার অভ্যুত্থানের পর আত্নগোপনে ছিলেন মামুন ।


স্থানীয়রা জানান,আল মামুন সাবেক সংসদ সদস্য এনামুল হকের ঘনিষ্ঠ জন ছিলেন। দীর্ঘদিন ধরে যুবলীগের সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও একই সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন। তবে পরিবারের পক্ষে দাবি করা হয়েছে, তিনি শারীরিক ভাবে অসুস্থ। গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় ছিলেন। তিনি আত্মগোপনে নয়, সরকার পরিবর্তনের পর থেকে বাড়ির বাইরে যেতেন না।


বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার ও এলাকায় ফিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে সংগঠিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।