স্টাফ রিপোর্টার : বোনের মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়ে দুলাভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শ্যালক। একই ঘটনায় আরো ৫ জন জখম হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোরে রাজশাহীর চারঘাট উপজেলার বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের নাম অনিক হাসান হৃদয় (২২)। এছাড়া আহতরা হলেন, ইয়ার উদ্দিনের ছেলে কাবুল উদ্দিন (৩৮) ও বিপ্লব (২২), কাবুল উদ্দিনের স্ত্রী মুন্নী বেগম (৩২), আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (২৫) ও জহির উদ্দিনের মেয়ে মেহেরুন্নেসা (৩৫)। এদের বাড়ী উপজেলার মোক্তারপুর আন্ধারীপাড়া গ্রামে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো বাবর আলী শুকটা ও রাজু আহম্মেদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মোক্তারপুর আন্ধারীপাড়া গ্রামের ইয়ার উদ্দিনের মেয়ে রেখার সঙ্গে বাবুপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মিঠুন আলীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৭ বছরের একটি পুত্র রয়েছে। তবে দীর্ঘদিন ধরে মিঠুন আলী বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী রেখা বেগমকে মারধর ও নির্যাতন চালিয়ে আসছিল।
সর্বশেষ রবিবার ভোর রাতে মিঠুন আলী স্ত্রী রেখা বেগমের ভাই কাবুলকে ফোন করে জানায়, ‘তোর বোন মরে গেছে, লাশ নিয়ে যা’। এমন সংবাদ পেয়ে রেখার ভাই কাবুল উদ্দিন, অনিক, বিপ্লব, মুন্নী বেগম, আব্দুল মান্নান, মেহেরুন্নেসাসহ ৮/১০ জন বাবুপাড়া ছুৃটে গিয়ে দেখেন রেখাকে ব্যাপক মারধর করা হয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হলে অভিযুক্ত মিঠুন, রকি, রাজু, লিখনসহ দলবল নিয়ে অতর্কিতভাবে ছুরি নিয়ে রেখার ভাই-ভাবীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ছুরিকাঘাাতে শ্যালক অনিক হাসান হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় রেখার পরিবারের আরো ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত অনিক হাসান হৃদয়ের পিতা আবুল কালাম বাদী হয়ে ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।