ডিএনএন ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে পণ্য সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, যার প্রভাব পড়েছে সবজি ও মুরগির বাজারে। বেশিরভাগ সবজির দাম উঠেছে ৬০-৮০ টাকায়। এর মধ্যে কোনো কোনো সবজির দাম ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এতে নির্দিষ্ট আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির চড়া দাম লক্ষ্য করা গেছে। বাজারে আজ লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। বড় গোল বেগুনের দাম ১৩০ থেকে ১৫০ টাকা। শতকের ঘরে রয়েছে কাঁকরোলও। বাজারে সবজিটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।
অন্যান্য সবজির মধ্যে টমেটো প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, কাঁচকলার হালি ৪০ থেকে ৫০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১২০ টাকা।
এদিকে বৃষ্টির প্রভাবে ক্রেতাদের অস্বস্তির কারণ হয়ে দাড়িয়েছে মুরগির দাম। বাজারে ব্রয়লার মুরগির দাম ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি। সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকা।
রাজধানীর মালিবাগ বাজারে একজন ক্রেতা বলেন, বাজারে এসে এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে গেল। চড়া দাম আরও অনেক সবজির। বাকি বাজার করবো কী দিয়ে?
কিছুদিন পর পর এভাবে বেড়ে যাচ্ছে সবজির দাম, তাহলে মানুষ কী খাবে— প্রশ্ন করেন তিনি।
রামপুরা বাজারে বাজার করতে আসা মো. সোহেল নামে এক ব্যক্তি বৃষ্টিতে রাস্তায় পানি জমে ভোগান্তির কথা জানিয়ে বলেন, “ময়লা পানি মাড়িয়ে বাজারে এসেছি। তার ওপর আবার দেখি সবজির আকাশছোঁয়া দাম। তিনি এক কেজি বেগুন ১৪০ টাকায় কিনেছেন বলে জানান। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
খিলগাঁওয়ে বাজার করতে আসা শফিক নামে আরেক ব্যক্তি একই ধরনের কথা বলেন। তিনি বলেন, “বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। বেগুন আর কাঁকরোলের দাম নাড়ালের বাইরে। সাধারণ মানুষের জন্য এটা অনেক চাপ।”
দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন সারা দেশে বৃষ্টির কথা। তারা বলছেন, কয়েকদিনের বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার কারণে সবজির দাম বাড়তি। তবে কিছু কিছু সবজির মৌসুম না হওয়ায়, সেসব সবজির দাম কিছুটা বেশি।