ডিএনএন ডেস্ক: দেশে ডেঙ্গু ও হামের প্রকোপে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও আট শিশু। এ ছাড়া এই সময়ে ডেঙ্গু ও হাম মিলিয়ে নতুন করে ৩ হাজার ৫২৪ জন রোগী শনাক্ত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন এবং হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম ১৪ দিনে মারা গেছেন ৮০ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৭৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৫৯, খুলনায় ১৯৩, বরিশালে ২০৯, রাজশাহীতে ১৪০, ময়মনসিংহে ৯১, রংপুরে ৭৪ এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১ হাজার ৫৭২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১ হাজার ৪১৪ জন সন্দেহভাজন এবং ১৫৮ জন নিশ্চিত হাম রোগী। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।