ডিএনএন ডেস্ক: রাজশাহীতে আইনপেশার নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা একটি মামলার আসামিরা আদালত থেকে জামিন পাওয়ার পরপরই বাদী পক্ষের আইনজীবীর ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অ্যাডভোকেট ইয়ামিন আলী। হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি খাবারের দোকানে আশ্রয় নিলেও রক্ষা পাননি; পরবর্তীতে উপস্থিত জনতা হামলাকারীদের কয়েকজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। এ ঘটনায় ইয়ামিন আলীর করা একটি মামলায় রোববার দুপুরে আদালতে হাজির হন অভিযুক্তরা। পরে আদালত থেকে জামিন পান তারা। জামিন পাওয়ার পর আদালত চত্বরেই অবস্থান নেন অভিযুক্ত পক্ষের কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবন থেকে বের হওয়ার সময় ইয়ামিন আলীকে ঘিরে ধরেন কয়েকজন। এরপর তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধরে তার মাথা ফেটে যায়। হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি। পরে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন কয়েকজনকে আটক করেন। এ সময় তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আহত আইনজীবী ইয়ামিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কিছুদিন আগে তার বাম হাত ভেঙে দিয়েছিলেন। ওই ঘটনায় তিনি মামলা করেন। রোববার সেই মামলার আসামিরা আদালত থেকে জামিন পাওয়ার পর তার ওপর হামলা চালান। জামিনের পর তারা আদালত চত্বরে তার জন্য অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
এদিকে আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।
তিনি বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা কর্মক্ষেত্রে আইনজীবীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এ ঘটনাকে মোটেও ছোট করে দেখছি না। মামলা করব।’
এ বিষয়ে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।