স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী থেকে ৫টি সোনার বারসহ মোশারফ হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোদাগাড়ী পৌর এলাকার হাটপাড়া ঘাটের উপর পদ্মার পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোশারফ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বকচর গ্রামের নাইমুল ইসলামের পুত্র।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল ইসলাম মঙ্গলবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত পৌনে ৮ টার দিকে দায়িত্বরত গোদাগাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের দৌড়ে পালানোর চেষ্টা করে মোশারফ। তবে পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে ৫টি সোনার বারের কাটা অংশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় এ সোনার ওজন ২৯৪.১৩ গ্রাম। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।