ডিএনএন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৪১৯ শিশু।শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ২৭১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৯৯ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরো ১০৫ শিশু।
দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।