২৯ কার্তিক, ১৪৩৩
১৩ নভেম্বর, ২০২৬
News Banner

বাঘায় পুকুর খননে এসিল্যান্ডের এক অভিযানেই তোলপাড়

Admin Published: November 12, 2026, 10:29 pm
বাঘায় পুকুর খননে এসিল্যান্ডের এক অভিযানেই তোলপাড়

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি কেটে পুকুর খননের কর্মকাণ্ড চললেও এসবের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নিয়ে প্রশ্ন ছিল স্থানীয়দের মধ্যে। এমন পরিস্থিতিতে নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যার আকস্মিক অভিযানে এবার আলোচনায় এসেছে অবৈধ মাটি উত্তোলনের বিষয়টি। একটি অভিযানে এক লাখ টাকা জরিমানার ঘটনায় স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর সুগার মিলের আখ ক্রয়কেন্দ্র-সংলগ্ন পদ্মা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাঘা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত মাটিসহ একটি মালবাহী গাড়ি জব্দ করেন। পরে গাড়ির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে আলম হোসেন ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আলম হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড  করা হয়। তবে জব্দ করা গাড়িটি পরে ছেড়ে দেওয়া হয়।


এলাকার লোকজন জানান, 

বাঘার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করে পুকুর খনন এবং মাটি বিক্রির অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। তবে গত ছয় মাসে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অভিযান বা শাস্তিমূলক ব্যবস্থার খবর স্থানীয়ভাবে তেমন আলোচনায় আসেনি বলেও জানিয়েছেন কয়েকজন বাসিন্দা।

এমন প্রেক্ষাপটে নতুন এসিল্যান্ডের আকস্মিক অভিযানকে অনেকে প্রশাসনিক তৎপরতার নতুন বার্তা হিসেবে দেখছেন। 


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন শিক্ষক বলেন, বাঘায় পুকুর খনন নিয়ে অনেক দিন পর নতুন চমক দেখালেন উপজেলা প্রশাসনের নতুন এসিল্যান্ড।

স্থানীয়দের অনেকে মনে করছেন, শুধু অভিযোগের অপেক্ষায় না থেকে অবৈধ পুকুর খনন ও মাটি উত্তোলনের স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।


তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, বাঘার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পুকুর খনন ও মাটি উত্তোলনের অভিযোগ থাকলে এত দিন সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কেন? কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কোথায় কোথায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করেই পুকুর খনন করা হচ্ছে, সেসব বিষয়ও খতিয়ে দেখা প্রয়োজন। 


এলাকার কৃষকরা জানান, অবৈধভাবে পুকুর খননের ফলে কৃষিজমির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক শ্রেণি ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। তাই শুধু জরিমানা নয়, অবৈধ কর্মকাণ্ডের মূল হোতাদের চিহ্নিত করা এবং আইন অনুযায়ী ধারাবাহিক ব্যবস্থা নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যন্যা অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


তবে স্থানীয়দের প্রত্যাশা, নতুন এসিল্যান্ডের এই অভিযান যেন এক দিনের তৎপরতায় সীমাবদ্ধ না থাকে। বাঘার যেসব এলাকায় অবৈধ পুকুর খনন ও মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আইনের প্রয়োগ নিশ্চিত করা হউক।