২৮ কার্তিক, ১৪৩৩
১২ নভেম্বর, ২০২৬
News Banner

কোচিং সেন্টার থেকে নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে অর্ধকোটি টাকা

Admin Published: November 12, 2026, 2:05 pm
কোচিং সেন্টার থেকে নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে অর্ধকোটি টাকা

ডিএনএন ডেস্ক; একটি কোচিং সেন্টার থেকে অর্ধকোটি টাকা নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একজন নারী সার্জেন্ট। কেন, কী কারণে তিনি বিশাল অংকের এই টাকা নিয়েছেন তা জানাতে চাননি। রাজশাহীতে এই নারী সার্জেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।


এই সার্জেন্টের নাম সাবিহা আক্তার। তিনি যে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছেন সেটির নাম নিউরন নার্সিং কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারীর নাম সাইফুল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে তিনি যখন সার্জেন্ট সাবিহাকে টাকা দেন, তখন তিনি কোনো রাজনীতিতে যুক্ত ছিলেন না।



এক্সিম ব্যাংকের স্টেটমেন্টে দেখা যাচ্ছে, ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টার নামের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা করা হয়। এরপর একই দিন সার্জেন্ট সাবিহা আক্তারের হিসাবে ৪৯ লাখ টাকা ট্রান্সফার আউট করে দেওয়া হয়। ট্রানজাকশন ডেসস্ক্রিপশন নম্বর- FT222422VB7P


বিশাল অংকের এই লেনদেন নিয়ে রহস্য দেখা দিয়েছে।



কোচিং সেন্টার থেকে এই টাকা ব্যাংক হিসাবে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’ এই টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদীহি করতে বাধ্য নই।’


গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তাঁর সামনেই এই বক্তব্য দেন সার্জেন্ট সাবিহা আক্তার। পরদিন মঙ্গলবার রাত ৯টায় তিনি নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে ছুটে যান। একটি ডেন্টাল কেয়ারের সামনে সাইফুল ইসলামের মুখোমুখি বসে সাবিহাকে কথা বলতে দেখা যায়। তিনি তখন ইউনিফর্মেই ছিলেন।



সাবিহার ব্যাংক হিসাবে বড় অংকের এই অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন। পরে তাঁর এই অর্থের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। কিন্তু সে সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চায়নি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেয়। আমি সেটা আমার ব্যাংক হিসাবে নিয়ে সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছি। এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে।’


রহস্যজনক এই লেনদেন তদন্তের প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয় এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল- সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’


জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, সার্জেন্ট সাবিহা তাকে জানিয়েছেন এ রকম কোনো লেনদেন তিনি করেননি।