২৭ কার্তিক, ১৪৩৩
১১ নভেম্বর, ২০২৬
News Banner

৪০ পেরিয়ে মা হওয়ার অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

Admin Published: November 11, 2026, 5:47 pm
৪০ পেরিয়ে মা হওয়ার অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

ডিএনএন ডেস্ক: মাতৃত্বের পথ সবার জন্য এক রকম নয়। কারও জীবনে সহজেই আসে সন্তান, আবার কাউকে পেরোতে হয় নানা শারীরিক ও মানসিক বাধা। ভারতীয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জীবনেও ছিল এমন কঠিন অভিজ্ঞতা। দুই কন্যাসন্তানের মা হওয়ার আগে সন্তানধারণে সমস্যার মুখে পড়েছিলেন তিনি। সেই সময়ে পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের জীবনসংগ্রাম তাঁকে নতুন করে আশাবাদী হতে সাহায্য করেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪০ বছর পেরিয়ে মাতৃত্বের অভিজ্ঞতা এবং সন্তানধারণে জটিলতা নিয়ে কথা বলেছেন দেবিনা। তাঁর মতে, এ ধরনের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হওয়া জরুরি। বিশেষ করে ফারাহ যেভাবে নিজের সন্তানধারণের লড়াইয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন, তা কঠিন সময়ে তাঁকে সাহস জুগিয়েছিল।


ফারাহ খান ৪৩ বছর বয়সে কৃত্রিম প্রজনন পদ্ধতির সাহায্যে তিন সন্তানের মা হন। দেবিনা বলেন, ‘আমি যখন সন্তানধারণের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন বুঝতে পারতাম না, আদৌ কোনো দিন মা হতে পারব কি না। সেই সময়ে আমাদের সামনে উদাহরণ হিসেবে ছিলেন ফারাহ ম্যাম। তিনি নিজের লড়াইয়ের কথা এত খোলাখুলি জানিয়েছিলেন যে, তা আমাকে ভরসা জুগিয়েছিল।’


তিনি আরও বলেন, ‘সামনে যখন এমন কোনো দৃষ্টান্ত থাকে, তখন মনে হয়, তাঁর জীবনে যদি এমনটা সম্ভব হয়ে থাকে, তাহলে আমার জীবনেও হতে পারে। আমারও তো সুযোগ রয়েছে। তা না হলে একটা সময় মনে হতো, মা হওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।’


কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে অনেক নারীই মাতৃত্বের পরিকল্পনা পিছিয়ে দেন। বিষয়টি নিয়েও নিজের মত জানিয়েছেন দেবিনা। তাঁর ভাষায়, ‘যাঁরা নিজেদের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকেন, তাঁরা অনেক সময় সন্তানধারণের পরিকল্পনা পিছিয়ে দিতে থাকেন। কখনো কখনো এমন একটা সময় আসে, যখন মনে হয় আর বুঝি সময় নেই। কিন্তু যখন দেখবেন, ৪০ বছর পেরিয়েও অনেক নারী মা হয়েছেন, তখন নিজের মনেও আশা জাগে।’

সন্তান জন্ম দেওয়ার পরবর্তী সময় নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, এ সময়ে নারীর শরীর ও মনে নানা পরিবর্তন আসে। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করার মধ্যেই অনেকের হরমোনজনিত পরিবর্তন দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে ঋতুবন্ধের আগের পর্যায়ের লক্ষণও দেখা দিতে পারে। সব মিলিয়ে মাতৃত্বের পরবর্তী সময়ও অনেক নারীর জন্য কঠিন হয়ে ওঠে।


দেবিনার কথায়, ‘একজন নারীকে জীবনের বিভিন্ন পর্যায়ে কত কিছু সহ্য করতে হয়! আমাদের সমাজের বোঝা উচিত, একজন নারীর শরীর প্রতিনিয়ত বদলাচ্ছে। তাঁর পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত।’


নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়ার ওপরও জোর দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘নারীদের নিজেদের শরীর সম্পর্কে আরও ভালোভাবে জানা প্রয়োজন। শুধু স্বাস্থ্যকর খাবার খাচ্ছি বলেই যে শরীরের সবকিছু ঠিক রয়েছে, এমনটা ধরে নেওয়া উচিত নয়। নিজেকে বুঝতে হবে, সমস্যার মূলে পৌঁছে তার সমাধান করতে হবে।’


সন্তানধারণে জটিলতা ও মাতৃত্ব নিয়ে সমাজে যে খোলামেলা আলোচনা বাড়ছে, তাতে সন্তুষ্ট দেবিনা। তাঁর মতে, নারীদের শারীরিক ও মানসিক অভিজ্ঞতা বুঝতে এ ধরনের আলোচনা আরও বাড়ানো প্রয়োজন। সূত্র: অনন্দবাজার অনলাইন