স্টাফ রিপোর্টার : বাবা ডেঙ্গু আক্রান্ত, ছয় বছরের বোনের জন্মগতভাবে একটি কিডনি নেই। দুজনই ভর্তি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের টাকাপয়সাও প্রায় শেষ। তাই হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম।
প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন তিনি। এরই মধ্যে ওয়ার্ডের গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় দুই বছরের শিশু আবু হুরাইরা। বারান্দায় নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না। সেখান থেকে নিচে পড়ে মৃত্যু হয় শিশুটির।
বুধবার দুপুরে রামেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নতুন হাঁটতে শেখা শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
নিহত আবু হুরাইরার বাবার নাম হৃদয় আলী। তাঁদের বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁর ছয় বছর বয়সী মেয়ে উম্মে খাদিজা ভর্তি রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডে। জন্মগতভাবে তার একটি কিডনি নেই।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাঁদের জমানো টাকা শেষ হয়ে গিয়েছিল। এ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। তখন দুই বছরের আবু হুরাইরা ওয়ার্ডে ছিল। একপর্যায়ে গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় সে। ওই বারান্দায় কোনো গ্রিল ছিল না। সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন মিস্ত্রিরা। নির্মাণকাজ চলায় জায়গাটি ছিল কিছুটা অরক্ষিত।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।’ তিনি আরও বলেন, হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।