২৭ কার্তিক, ১৪৩৩
১১ নভেম্বর, ২০২৬
News Banner

পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ

Admin Published: November 11, 2026, 2:48 pm
পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ

ডিএনএন ডেস্ক: পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আগুনে ব্যাংকের কক্ষের ভেতরে থাকা কিছু ফাইলপত্র পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।


গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।


তিনি বলেন, এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।