ডিএনএন ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত সব অপরাধের যথাযথ বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক দল ও নেতাদের স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে ব্যাপক প্রাণহানির ঘটনা উঠে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকেরা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?
জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে বলার মতো কোনো মন্তব্য তার নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা দেখতে চায়। এর মধ্যে জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের মাধ্যমে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে জাতিসংঘের অবস্থান স্পষ্ট। সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়ার পূর্ণ সুযোগ থাকা উচিত।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।