৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবির প্রতিরোধ করা হবে : লিটন

Admin Published: August 1, 2024, 6:36 pm
জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবির প্রতিরোধ করা হবে : লিটন

স্টাফ রিপোর্টার : শোকাবহ আগস্ট স্মরণে রাজশাহীতে বিশাল শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী নগর আওয়ামী লীগ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
র‌্যালি শেষে এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুই কন্যা ব্যতীত প্রায় সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকেরা। সেই দিবস স্মরণে তারপর থেকে প্রত্যেক বছর সারাদেশেই সেটা আমরা যথাযথ মর্যাদায় পালন করি। শ্রদ্ধা জানায় জাতির পিতা বঙ্গবন্ধুকে। তারই অংশ হিসেবে এবারো মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
খায়রুজ্জামান লিটন বলেন, ১৯৭১ সালে তাদের পরাজয়ের পর থেকেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি ছিল। জাতির পিতা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম মৃত্যুর পর খুনী চক্রের মূলহোতা জিয়াউর রহমান, তার সঙ্গে খন্দকার মোস্তাক গংরা আবারো ধর্মভিত্তিক রাজনীতি চালু করে। গোলাম আজমকে দেশে ফেরত আনে, জামায়াতে ইসলামীকে রাজনীতি করার অনুমতি দেয়, তারাই পথটি সুগম করে দেয়।
দীর্ঘদিন পরও জামায়াত-শিবির তাদের অতীতের বিভৎসতা, সহিংসতা, পশ্চাৎমুখীতা থেকে তারা সরে আসেনি। তারা হত্যা, খুন, জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে। সাম্প্রতিকালে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে তারা আবারো ধ্বংসযজ্ঞ চালিয়েছে, পরিকল্পিতভাবে আমাদের গর্বের ও অহংকারের স্থাপনাসমূহ ভাংচুর ও আগুনে পুড়িয়েছে। সেই অপশক্তিকে আমরা এবারো পরাজিত করতে পেরেছি এবং সেই কারণে এবার আর বিলম্ব নয়, জামায়াত-শিবিরের রাজনীতি চিরকালের জন্য বন্ধ করে দেওয়া দরকার। তাদের রাজনীতি করার সুযোগ এদেশের মাটিতে দেওয়া যায় না। তিনি আরো বলেন, অতীতেও যেকোন দুঃসময়ে আমাদের নেতাকর্মীরা এক আহ্বানে রাজপথে চলে এসেছে। আমরা এটি বারবার প্রমাণ দিয়েছি। জামায়াত-শিবির চোরাগোপ্তা হামলা চালাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করবো। কারণ জনগণ শান্তির পক্ষে, জ্বালাও-পোড়াও এর পক্ষে নয়।
শোক র‌্যালিতে আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমনসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।