স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় চলতি অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার চরাঞ্চলের কৃষকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এম.এ. মান্নান।
তিনি জানান, চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় মোট তিন হাজার কৃষকের জন্য বিনামূল্যে বীজ ও সার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পবা উপজেলার চরাঞ্চলের কৃষকদের প্রাধান্য দিয়ে ১২শ’ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এই প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি মাসকলাই বীজ, পাঁচ কেজি এমওপি (পটাশ) সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।
চরাঞ্চল কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষার পানি নেমে গেলে এই চরাঞ্চলে ব্যাপক আকারে খরিপ ফসল চাষ হয়। এ কারণে সরকার কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, বন্যা পরবর্তী সময়ে বর্তমান সরকারের লক্ষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। খালি জমি ফেলে রাখা যাবে না। আমরা যে সার ও বীজ দিচ্ছি, তা কাজে লাগাতে হবে এজন্য সাধ্যমতো চাষাবাদের পরামর্শ দেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।