১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

মামলা জটে থমকে আছে পাবনার ইছামতি নদী; দ্রুত খননের দাবি

Admin Published: April 23, 2026, 2:08 pm
মামলা জটে থমকে আছে পাবনার ইছামতি নদী; দ্রুত খননের দাবি

পাবনা প্রতিনিধি : মামলার জটে বন্ধ হয়ে গেছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী খনন করে পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ। নদী দ্রুত খননের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।


বুধবার (২২ এপ্রিল) দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের সামনে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা ও রিভারাইন পিপল পাবনা জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। সভাপতিত্ব করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এবং সঞ্চালনা করেন রিভারাইন পিপল পাবনার সভাপতি ড. মনছুর আলম।


বক্তারা বলেন, ইছামতি নদী খনন করে পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পটি ২০২৪ সালে শুরু হলেও মাত্র ৬ মাসের মধ্যেই খনন কাজ বন্ধ হয়ে যায়। প্রকল্পের আওতায় ১১০ কিলোমিটার নদী খনন, শহরের দুই তীরে ১০ কিলোমিটার ওয়াকওয়ে, ৫৬টি ঘাট, ২৩টি ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা ও তীর সংরক্ষণসহ ব্যাপক উন্নয়ন পরিকল্পনা থাকলেও বর্তমানে কাজের দৃশ্যমান অগ্রগতি নেই।


তারা অভিযোগ করেন, নিম্ন আদালতে দায়ের হওয়া ১৪০টি মামলা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি এবং প্রশাসনিক জটিলতার কারণে এই গুরুত্বপূর্ণ প্রকল্প স্থবির হয়ে পড়েছে। যদিও সিএস মানচিত্র অনুযায়ী নদী খননের নির্দেশনা মহামান্য হাইকোর্ট দিয়েছেন, তবুও অদৃশ্য কারণে কাজ বন্ধ রয়েছে, যা পাবনাবাসীর কাছে বোধগম্য নয়।


বক্তারা আরও বলেন, ইছামতি নদীর ১১০ কিলোমিটার খনন হলে পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার কৃষি, সেচ ব্যবস্থা ও যোগাযোগ খাতে ব্যাপক বিপ্লব ঘটবে। একইসঙ্গে পাবনা শহর একটি আধুনিক, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক ভাষ্কর চৌধুরী, রিভারাইন পিপল পাবনার প্রচার সম্পাদক খালেদ আহমেদ, সদস্য জুবায়ের খান প্রিন্স, সাংবাদিক আরকে আকাশ, উত্তোরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, কবি নীলিমা নীল, নোঙ্গর সাহিত্য সংগঠন ঈশ্বরদীর সদস্য নন্দিনী আরজু ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন সরকারি এডওয়ার্ড কলেজ শাখার আহ্বায়ক ইমামুল হক।


মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইছামতি নদী খনন করে পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের সব জটিলতা নিরসন, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং ডিপিপি-২০২৩ অনুযায়ী সকল অবকাঠামো বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।


এ বিষয়ে কথা বলতে জেলা প্রশাসক আমিনুল ইসলামের মুঠোফোনে বুধবার সন্ধ্যায় একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।