২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

পবায় যাত্রা শুরু করলো শিমুল অত্যাধুনিক ফ্লাওয়ার মিল

Admin Published: August 14, 2025, 6:14 pm
পবায় যাত্রা শুরু করলো শিমুল অত্যাধুনিক ফ্লাওয়ার মিল

স্টাফ রিপোর্টার :স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিকে গতিশীল করতে রাজশাহীর পবায় যাত্রা শুরু করলো শিমুল অটো ফ্লাওয়ার মিল। বৃহস্পতিবার উপজেলার মধুসূদনপুর এলাকায় অত্যাধুনিক অটো ফ্লাওয়ার মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
মিলের স্বত্বাধিকারী শাহাজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র রাজশাহী জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) মো. শওকত জামান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. মাসুদ হাসান এবং কৃষিবিদ মো. ওলিউজ্জামান। এছাড়াও মেঘনা ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখা ব্যবস্থাপক এএইচএম মামুনুর রশিদ এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ফয়েজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুর রহমান রিংকু বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ফলে রাজশাহীর মতো উত্তরাঞ্চলেও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। শিমুল অটো ফ্লাওয়ার মিলের মতো প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি এই অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে শাহাজাহান আলী বলেন, এই অঞ্চলে উন্নতমানের আটা ও ময়দার চাহিদা মেটাতে এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত গমের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্য নিয়েই শিমুল অটো ফ্লাওয়ার মিল প্রতিষ্ঠা করা হয়েছে।
উল্লেখ্য, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই মিলটি স্থানীয়ভাবে উৎপাদিত গম ব্যবহার করে উন্নতমানের আটা, ময়দা ও সুজি উৎপাদন করবে, যা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাগুলোতেও সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই মিলের কার্যক্রম শুরু হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেশ কিছু মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।