স্টাফ রিপোর্টার : ‘সুমিষ্ট পান আর সবজির ভান্ডার’ হিসেবে খ্যাতি অর্জনকারী উত্তরের দুই উপজেলা পবা ও মোহনপুর নিয়ে গঠিত রাজশাহী-৩ আসন। বারনই ঘেঁষা পবা উপজেলা আর বিলকুমারীর কোল ঘেঁষে বিস্তৃত মোহনপুর উপজেলার এ আসনটি জাতীয় সংসদের তালিকায় ৫৪ নম্বর। এ আসনের দুই উপজেলাতেও লেগেছে আগাম ভোটের হাওয়া। এ আসনে এবারো মনোনয়ন যুদ্ধে মাঠে নেমেছেন বিভিন্ন দলের একাধিক নেতা। এদের মধ্যে একজন মনিরুজ্জামান স্বাধীন।
এবার এ আসনে লড়তে চান তিনি। মনিরুজ্জামান স্বাধীন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপির মহাসচিব। ইতিমধ্যে তিনি মাঠে নেমেছেন। সময় পেলেই জনসংযোগ করছেন। মানুষের কাছে যাচ্ছেন।
মনিরুজ্জামান স্বাধীন বলেন, ফ্যাসিস্টমুক্ত দেশে মানুষ এখন পরিবর্তন চায়। বিশেষ করে তরুন প্রজন্ম নতুন কিছু ভাবছে। তাদের ভাবনার প্রতিফলনে তিনি প্রার্থী হতে চান। এলাকার সব পেশাজীবী ও সাধারণ মানুষের পাশাপাশি তরুন প্রজন্মের ভাবনা থেকেই তিনি এ আসনে এবার ভোটের লড়াইয়ে নামতে চান। তিনি বলেন, কর্মসংস্থান নিশ্চিত, কৃষি সংস্কার ও মাদকের আগ্রাসন থেকে প্রজন্মকে রক্ষার পাশাপাশি জনশক্তি উন্নয়নে কাজ করবেন তিনি।