স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সোমবার দুপুরে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা এবং নির্বাহী কর্মকর্তা কায়সার হাবিবের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এরআগে তিনি হযরত শাহ মুখদুম রূপস (রহ.) মাজার জিয়ারত করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান সহকারী এসএম আল মতিন, সহকারি প্রকৌশলী একেএম আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী আলেফ আলী, বিএনপি রাজশাহী মহানগর সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও আবুল কালাম আজাদ সুইট ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তার কর্মচাররা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বিএনপি চেয়ারম্যান ও সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, তার কর্মদক্ষতা, ত্যাগ এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ দেখে পরিষদের দায়িত্ব প্রদান করেছেন। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এজন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও সর্বোপরি রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, খাল খনন এবং মনিবাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবেন বলে জানান।