স্টাফ রিপোর্টার : চব্বিশের ৫ আগস্ট পরবর্তি সময়ে কয়েকদফা গুড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের জায়গায় এবার টানানো হয়েছে মালিকানার সাইনবোর্ড। মঙ্গলবার রাতের কোনো এক সময় নগরীর গুরুত্বপূর্ণ কুমারপাড়া এলাকার পরিত্যক্ত ধ্বংসস্তুপের উপর ডা. দুর্জয় মৈত্রের নামে সাইনবোর্ডটি টানানো হয়।
ওয়ারিশ সূত্রে জমিটির মালিক তিনি এমন দাবি করা হয়েছে। ডা. দুর্জয় মৈত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের ছেলে বলে জানা গেছে।
অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য জানান, তিনি ওই জমির মালিক। দীর্ঘদিন অন্যরা দখল করে রেখেছিল। ২০১৬ সালে নিম্ন আদালতে ও ২০১৮ সালে আপিলের রায় তার পক্ষে যায়। এরপর থেকে আওয়ামী লীগ অফিসের জন্য তাকে ভাড়া দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এখন ওই জমির মালিকানা তার ছেলের। ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অফিসটি গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে সেখানে তার ছেলে সাইনবোর্ড টানিয়েছে। জমিটির মালিক তারা, এ সংক্রান্ত আদালতের কাগজপত্র তার কাছে আছে বলে দাবি করেন তিনি।