২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী অঞ্চলে সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ৮৫ টাকা নির্ধারণ

Admin Published: February 24, 2026, 5:52 pm
রাজশাহী অঞ্চলে সর্বনিম্ন ফিতরা  জনপ্রতি ৮৫ টাকা নির্ধারণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চলে জনপ্রতি সর্বনিম্ন ৮৫ ও সর্বোচ্চ ৩ হাজার ৩০০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহীর জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (দরগাপাড়া) মাদরাসার সম্মেলন কক্ষে আয়োজিত শীর্ষ আলিমদের বৈঠকে চলতি বছরের জন্য ফিতরা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহীর দরগা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা অব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রির বাজারদর পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এ বছর ফিতরার পরিমান জনপ্রতি সর্বনিম্ন ৮৫ টাকা এবং সর্বোচ্চ ৩ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়।

সভায় অন্যদের মধ্যে জামেয়া রহমানিয়া মাদরাসার নায়েবে মুহতামীম ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ, দারুল উলুম মাদরাসার মুফতি মোহাম্মাদ ইয়াকুব আলী, জামেয়া উসমানিয়া, খাটাখালি মাদরাসার মাওলানা মুফতি ওয়ালিয়্যুল ইসলাম, সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম ও খতীব, মাওলানা আব্দুল গনি আব্বাসী, শাহমখদুম দরগা মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী, দারুসসালাম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী, জামিয়াহ আব্দুল্লাহ ইবনে মাসউদের মুফতি আব্দুল্লাহ, আবেদ আলী মাদানী মাদরাসার পরিচালক

মুফতি আতীকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার মুখ্য সমন্বয়ক মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী জানান, উলামায়ে কেরাম জনগণের সুবিধার জন্য ফিতরার একটি মধ্যম হার নির্ধারণ করেছেন। তবে আদায়কারীকে সর্বনিম্ন পরিমানটা গ্রহন না করে দরিদ্র জনগোষ্ঠির স্বার্থ বিবেচনায় রেখে নিজের সামর্থ অনুযায়ি আদায় করতে হবে। সভাশেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যান কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।