৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

Admin Published: March 9, 2026, 5:12 pm
রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ইতিহাস সমৃদ্ধ দেড় শতাব্দীর প্রাচীন রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর মিয়াপাড়া এলাকায় গ্রন্থাগারের নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আফিয়া আখতার। 

এ সময় তিনি বলেন, রাজশাহী সাধারণ গ্রন্থাগার এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন ভবনের মাধ্যমে গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম বইপাঠে আগ্রহী হয়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি টুকটুক তালুকদার। এছাড়াও রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ও গ্রন্থাগারের কোষাধ্যক্ষ ডা. মো. আনিসুর রহমান, শাহমখদুম কলেজের অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম, ব্যবসায়ী হাসেন আলী, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সেভ দ্যা নেচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, গ্রন্থাগারের সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল, মো. মশিউর রহমান, মো. নজরুল ইসলাম প্রমুখ।

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, এই গ্রন্থাগারে প্রায় ৩৪ হাজার বই আছে। দীর্ঘদিন ধরে রাজশাহীর শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকের কাছে এই গ্রন্থাগার জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নবনির্মিত ভবনের মাধ্যমে পাঠকদের জন্য আধুনিক পরিবেশে বই পড়া ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

প্রসঙ্গত, রাজশাহী অঞ্চলে জ্ঞানচর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান রাজশাহী সাধারণ গ্রন্থাগার। নাটোর রাজ পরিবারের রাজা আনন্দ নাথ রায় ১৮৬৬ সালেরও আগে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৮৮৪ সালে জমি ও ভবন প্রাপ্তির মাধ্যমে গ্রন্থাগারটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে।