২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীর স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

Admin Published: September 8, 2025, 6:40 pm
রাজশাহীর স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার : ছাত্রীদের দিনের পর দিন শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। এর আগে অভিভাবকেরা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে সোমবার বিক্ষোভ করেন তারা। 

নগরের কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত এ স্কুলটি প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত রয়েছে। এ স্কুলের অভিযুক্ত সহকারী শিক্ষকের নাম শাহাবুব আলম। তার বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ, সুযোগ পেলেই তিনি শিক্ষার্থীদের গায়ে হাত দেন। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মুখ চেপে ধরে শ্লীলতাহানি করেন।

গত কয়েকদিনে এই ঘটনার কথা অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রবিবার প্রধান শিক্ষকের কাছে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। দাবি জানান, দ্রুত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। তবে কোনো ব্যবস্থা নেওয়া না হলে সোমবার তারা বিক্ষোভ করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে স্কুলে আসতে নিষেধ করে দেন। 

বিক্ষোভ চলাকালে অভিভাবকেরা অভিযোগ করেন, শিক্ষক শাহাবুব আলম নানা অযুহাতে ছাত্রীদের গায়ে হাত দেন। কখনও কখনও শ্লীলতাহানিও করেন। সবশেষ ২ সেপ্টেম্বর তিনি চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে এমনটি করেছেন। ভয়ে মেয়েটি এখন স্কুলে আসছে না। তবে এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শাহাবুব আলম বলেন, আমি এ রকম না। এটা স্কুলের অভ্যন্তরীণ ব্যাপার। আমাকে ফাঁসানো হচ্ছে। 

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘আগেরদিন অভিভাবকেরা আমার কাছে এসে লিখিত অভিযোগ দিয়েছেন যে, শাহাবুব আলম শিক্ষার্থীদের গায়ে হাত দেন, মারধর করেন। যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, সেখানে ২ সেপ্টেম্বর কোনো শিক্ষার্থীকে শ্লীলতাহানির কথা বলা নেই।’

তিনি জানান, তাঁর স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। তিনি তাঁকে বিষয়টি জানিয়েছেন। তদন্ত করে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।