২ অগ্রহায়ণ, ১৪৩৩
১৬ নভেম্বর, ২০২৬
News Banner

রাজশাহীতে দৈনিক সমাচারের সুবর্ণজয়ন্তী উদযাপন

Admin Published: November 14, 2026, 6:47 pm
রাজশাহীতে দৈনিক সমাচারের সুবর্ণজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার: ‘সত্য ও নিরপেক্ষতার সাথে পথচলা’ স্লোগান নিয়ে ৫০ বছরে পদার্পণ করেছে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সমাচার। পত্রিকাটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।সকালে দৈনিক সমাচারের রাজশাহী অফিসের উদ্যোগে এবং স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় রাজশাহীতে কর্মরত সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরা প্রতিদিন পত্রিকার কার্যালয়ে গিয়ে শেষ হয়।



পরে সকাল ১১টায় পত্রিকাটির কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ হাবিবুল্লাহ। আলোচনা সভায় দৈনিক সমাচারের ৫০ বছরের পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আঞ্চলিক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। পরে কেক কেটে পত্রিকাটির সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

দৈনিক সমাচারের রাজশাহী ব্যুরোপ্রধান আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৈনিক ইত্তেফাকের রাজশাহী স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত হোসেন।



প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, একটি সংবাদপত্রের অর্ধশতাব্দী পূর্ণ করা বড় অর্জন। শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দৈনিক সমাচার ইতিবাচক ভূমিকা পালন করেছে। নতুন প্রজন্মকে সঠিক তথ্য জানানো এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় পত্রিকাটি ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। দীর্ঘ ৫০ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক সমাচার দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রেখে চলেছে। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা পত্রিকাটি অব্যাহত রাখবে বলে তিনি বিশ্বাস করেন।



গোলাম মোস্তফা মামুন বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে মূলধারার সংবাদপত্রের চ্যালেঞ্জ অনেক বেশি। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে পাঠকের আস্থা ধরে রেখে দৈনিক সমাচার ৫০ বছর পূর্ণ করেছে। আঞ্চলিক সংবাদ ও তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে পত্রিকাটির রাজশাহী অফিসের উদ্যোগ প্রশংসনীয়।আনিসুজ্জামান বলেন, নিরপেক্ষতা ও সাহসিকতাই একটি সংবাদপত্রের মূল শক্তি। দৈনিক সমাচার দীর্ঘ পাঁচ দশক ধরে মানুষের কথা বলে আসছে। সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় পত্রিকাটির ভূমিকা আরও জোরালো হবে বলে তিনি প্রত্যাশা করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার রাজশাহীর স্টাফ রিপোর্টার রিমন রহমান, ডেইলি স্টারের জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আজহারউদ্দিন, দৈনিক জনকণ্ঠের স্টাফ ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে আলম মিলন, দৈনিক সোনালী সংবাদের মফস্বল সম্পাদক জগদীশ চন্দ্র রবীদাশ, দৈনিক সানশাইনের ফটোসাংবাদিক শাহীন, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, শফিকুল আলম ইমন, ভয়েস বাংলার রাজশাহী প্রতিনিধি মামুন রেজা, জ্যেষ্ঠ সাংবাদিক সানোয়ার আরিফ, সাংবাদিক সুরুজ এবং বিজয়বাংলা নিউজের মাল্টিমিডিয়া স্টাফ জেসিকা শেখসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।