স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। রোববার (৩ মে) দুপুরে এক বিজ্ঞপ্তি তারা এ তথ্য জানায়।
র্যাব জানায়, শনিবার (২ মে) দিবাগত রাতে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কিছু লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইতালি), ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।