স্টাফ রিপোর্টার : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হকের অপসারণ দাবি করেছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।বুধবার রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। সচেতন নগরবাসী ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা রামেবি ভিসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই প্রশাসনিক ও আর্থিক বিভিন্ন খাতে অনিয়ম হয়েছে। সাম্প্রতিক গণমাধ্যমে প্রকাশিত ‘৯ শতাংশ চাঁদা চাওয়ার’ অভিযোগের বিষয়েও তাঁরা প্রতিবাদ ও নিন্দা জানান।
কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহসভাপতি ও জাতীয় পার্টির রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের আহ্বায়ক মো. নূরে ইসলাম মিলন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত একাধিক বিষয়ে ভিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে তিন কর্মদিবসের মধ্যে ভিসির অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
এদিকে দুর্নীতির বিস্তর অভিযোগ উঠায় রামেবি ভিসি ডা. মো. জাওয়াদুল হক নিজ দফতরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বলে জানা গেছে।