স্টাফ রিপোর্টার : রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলো, শাহজাহান আলী (৪৯) ও সূর্য্যকান্ত হালদার (৪৯)।
এদের মধ্যে শাহজাহান রাজশাহীর মোহনপুর থানার মৌপাড়া এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। সে নগরীর দড়িখড়বোনা এলাকায় বসবাস করত। শাহজাহান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক। এছাড়া সুর্য্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার নবকান্ত হালদারের ছেলে। সুর্য্য মোনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।
বুধবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশের সহায়তায় শাহজাহান আলীকে আটক করা হয়অ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের সদস্যদের সঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে সূর্য্যকান্ত হালদারকে গ্রেফতার করা হয়। সুর্য্যও ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করে আসছিলো।
পুলিশ জানায়, এরা দুইজন পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিরা জেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনলাইনে একত্রিত করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিলো।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। একইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।