২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাসিকের চলমান উন্নয়ন কর্মকান্ড নিয়ে নবাগত প্রশাসকের নির্দেশনা

Admin Published: November 20, 2025, 5:49 pm
রাসিকের চলমান উন্নয়ন কর্মকান্ড নিয়ে নবাগত প্রশাসকের নির্দেশনা

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ. ন. ম বজলুর রশীদ নগরীর চলমান অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, ছায়াযুক্ত বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, রাজশাহী সিটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সুন্দর শহর। এই সিটি কর্পোরেশন অনেক কিছুতেই পাইওনিয়র। সকলের পরিশ্রম ও আন্তরিকতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। রাজশাহী সিটি আজকে যেখানে আছে, আগামীকাল যেন তার চেয়ে এগিয়ে থাকে।

আগামীর ভালোর জন্যই আমরা কাজ করছি উল্লেখ করে তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের সন্তুষ্টির জন্যই যথাযথভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের অনেক অর্জন রয়েছে। এই অর্জন ধরে রেখে রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম একটি সিটিতে পরিণত করতে যথাযথভাবে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার নগর ভবনে সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন।

নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রশাসককে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনে সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্ট্রেশন উপস্থাপন করা হয়।

প্রসঙ্গত, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ গত ১৮ নভেম্বর রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদসহ সিটি কর্পোরেশনের শাখা প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।